শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট জগতের সরাসরি সেতুবন্ধন তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ কনফারেন্সে দেশের বিভিন্ন খাতের ৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)’র উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খুলনার খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

এছাড়াও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের পরিচালক অধ্যাপক মেহেদী হাসান মো. হেফজুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং স্ট্র্যাটেজি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউর রহমান, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক (অপারেশনস) মুহাম্মদ জাহিদ আলী বেরুনী, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) মো. ওহিদুল ইসলাম, মেনকো ফার্মা লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস ও প্ল্যান্ট) মো. আমিনুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মো. মহিউদ্দিন সেলিম, নগদ লিমিটেডের প্রধান (ইউটিলিটি, শিক্ষা ও সরকারি পেমেন্ট) মো. গোলাম মুর্তজা মিলু এবং পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালকের (মানবসম্পদ ও প্রশাসন) প্রতিনিধি।

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জনে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার তাগিদ দিয়ে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বর্তমান পুঁজিবাজারের সঙ্গে তালমিলিয়ে উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন ইউজিসি চেয়ারম্যান। একই সঙ্গে শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কনফারেন্সে যোগ দেওয়ায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার, ক্লাসরুম সংকট এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষক সংকটও রয়েছে। আমরা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা দিতে পারি না। মাত্র ৫০ কোটি টাকা অর্থায়ন পেলে ল্যাব সংকট সমাধান হতো। এছাড়াও শিক্ষক সংকট দূরীকরণে ইউজিসির সদয় দৃষ্টি কামনা করেন তিনি।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের জন্য সরাসরি চাকরির আবেদনের সুযোগ। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী একাধিক প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে আমন্ত্রিত অতিথিদের সামনে বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন ও সম্ভাবনা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে এসিএসএস জিএসটিইউ চ্যাপ্টার।

কনফারেন্সের কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহাজান জানান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের বাস্তব কর্মজগতের সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর