শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি কার্লোস বাবিংটন আর নেই

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি সাবেক ফুটবলার কার্লোস বাবিংটন আর নেই। বুধবার ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হুরাকানের ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচ ও সংগঠক হিসেবেও আর্জেন্টাইন ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। খবর টিওয়াইসি স্পোর্টসের।

‘এল গ্রিঙ্গো’ নামে পরিচিত বাবিংটনের হুরাকানের হয়ে অভিষেক হয় ১৯৬৯ সালে। ১৯৭৩ সালে কোচ সিজার লুইস মেনোত্তির অধীনে ক্লাবটির ঐতিহাসিক মেত্রোপলিতানো শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

পরবর্তী সময়ে জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব ওয়াটেনশাইডে যোগ দেন বাবিংটন। ১৯৭৮ সালে আবারও হুরাকানে ফিরে আসেন। ১৯৮২ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলার পর যুক্তরাষ্ট্রের টাম্পা বে রাউডিজ ও কলম্বিয়ার জুনিয়র্সের হয়ে মাঠে নামেন। ১৯৮৩ সালে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টানেন বাঁ পায়ের এই প্রতিভাবান মিডফিল্ডার।

ক্লাব ফুটবলে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জায়গা পান আর্জেন্টিনা জাতীয় দলেও। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে দেশের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন তিনি। একটি গোলও করেছিলেন। তবে তাঁর দল দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়।

খেলোয়াড়ি জীবন শেষে ১৯৮৬ সালে প্লাতেন্সের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন বাবিংটন। পরবর্তী সময়ে চার দফায় দায়িত্ব পালন করেন নিজের প্রিয় ক্লাব হুরাকানের। তাঁর অধীনে ১৯৮৯-৯০ ও ১৯৯৯-২০০০ মৌসুমে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের শিরোপা জিতে প্রথম বিভাগে উন্নীত হয় ক্লাবটি।

একই সাফল্য পান বানফিল্ডের হয়েও। ১৯৯২-৯৩ মৌসুমে দলটিকে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন করে প্রথম বিভাগে তুলে আনেন তিনি। এ ছাড়া রেসিং ক্লাব, রিভার প্লেট, মেক্সিকোর লিওন ও চাকরিতা জুনিয়র্সের মতো দলেও কোচের দায়িত্ব পালন করেছেন।

তবে খেলোয়াড় ও কোচ হিসেবে অর্জিত সাফল্যের পরও জীবনের শেষ দিকে বিতর্কে জড়ান বাবিংটন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত হুরাকানের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব ছাড়ার পর ক্লাবের আর্থিক অনিয়ম ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় তাঁর ছেলেকেও অভিযুক্ত করা হয়েছিল।

প্রাথমিকভাবে আদালতে খালাস পেলেও পরবর্তী সময়ে সেই রায় বাতিল হয়। আইনি জটিলতা ও সম্পদ জব্দের ঘটনার পর হুরাকান সমর্থকদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে ক্লাবটির ঐতিহাসিক তমাস আদোলফো দুকো স্টেডিয়ামেও যাওয়া বন্ধ হয়ে যায় তাঁর।

২০২৪ সালে টিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেডিয়ামে ফিরতে না পারার আক্ষেপ প্রকাশ করেছিলেন বাবিংটন। তিনি বলেছিলেন, দলের খেলা দেখতে স্টেডিয়ামে যেতে না পারা তাঁকে কষ্ট দেয়। আদালতের রায়ে ক্লাবের কোনো ক্ষতি করেননি প্রমাণিত হলেই সেখানে ফিরবেন বলে আশা প্রকাশ করেছিলেন তিনি।

ক্লাবটির হয়ে শিরোপা জেতা থেকে শুরু করে কোচ ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন—হুরাকানের ইতিহাসে নানা ভূমিকায় স্মরণীয় হয়ে থাকবেন কার্লোস বাবিংটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর