শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত

প্রতিনিধির নাম / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নভেম্বর উইন্ডোর প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে খালিদ জামিলের দল।

অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন জেসি রান্ডাল। এ ছাড়া একটি করে গোল করেন ক্রিস উড ও লাচলান বেলিস। ভারতের হয়ে একটি আত্মঘাতী গোল করেন বিজয় ভার্গিস।

নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিল ভারত। ম্যাচের পঞ্চম মিনিটেই ভার্গিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর একাধিকবার ভারতের গোলমুখে আক্রমণ চালায় নিউজিল্যান্ড। তবে গোলরক্ষক বিশাল কাইথের দারুণ কিছু সেভে শুরুতে ব্যবধান বাড়াতে পারেনি তারা।

ম্যাচের ১৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভারত। রায়ান উইলিয়ামসের কাটব্যাক থেকে বল পেয়ে গোলের চেষ্টা করেন মনবীর সিং। তবে নিউজিল্যান্ডের ডিফেন্ডার ক্যালান এলিয়টের বাধায় সেই সুযোগ নষ্ট হয়।

প্রথমার্ধের শেষ দিকে আবারও আক্রমণের গতি বাড়ায় নিউজিল্যান্ড। ৩৪ মিনিটে জেসি রান্ডালের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একসঙ্গে পাঁচটি পরিবর্তন আনেন ভারতের কোচ খালিদ জামিল। তবে তাতেও ম্যাচের চিত্র বদলায়নি। ৫৭ মিনিটে ক্রিস উডের হেডে চতুর্থ গোল পায় নিউজিল্যান্ড। এরপর ৭৪ মিনিটে দুর্দান্ত ভলিতে ব্যবধান ৫-০ করেন লাচলান বেলিস।

বড় ব্যবধানে পিছিয়ে পড়লেও শেষ দিকে ব্যবধান আর বাড়তে দেননি বিশাল কাইথ। ৭৮ মিনিটে বিল টুইলোমার পেনাল্টি ঠেকানোর পাশাপাশি ফিরতি শটও আটকে দেন তিনি। পুরো ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে ভারতের সেরা পারফরমার ছিলেন এই গোলরক্ষক।

এ ম্যাচে ২০১৮ সালের পর প্রথমবার ভারতের সিনিয়র দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন অনিরুদ্ধ থাপা। তবে তাঁর নেতৃত্বে দলের শুরুটা ভালো হলো না। ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে রিকি মেইতেই হাওবাম, মোহাম্মদ সুহেল, ডেভিড লালহ্লানসাঙ্গা ও টোম্বা সিং হাওবামের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর