শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

গুম-ক্রসফায়ার তদন্তে সব জেলায় গণশুনানি, অভিযোগের সত্যতা মিললেই গ্রেফতার

প্রতিনিধির নাম / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে দেশের প্রতিটি জেলায় গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং ট্রাইব্যুনালের আওতাভুক্ত হলে সংশ্লিষ্ট আসামিদের ঘটনাস্থলেই গ্রেফতার করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা মনে করে, ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের শাসনামলে দেশজুড়ে ব্যাপক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। প্রায় প্রতিটি জেলায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (ক্রসফায়ার), গুম ও অপহরণের মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে।

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের এসব কর্মকাণ্ড খতিয়ে দেখতে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার যৌথ উদ্যোগে আমরা প্রতিটি জেলা সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছি। সেখানে সরাসরি গণশুনানি করে মানবতাবিরোধী অপরাধগুলো চিহ্নিত করা হবে। যেসব অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের আওতাভুক্ত হবে, সেগুলোর বিচার ট্রাইব্যুনালে করার উদ্যোগ নেওয়া হবে।’

কোন ধরনের অপরাধকে অগ্রাধিকার দেওয়া হবে, এ প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, গুম, অপহরণ, ক্রসফায়ার, জুলাই আন্দোলনের নৃশংসতা এবং আইনের আওতায় পড়ে এমন যেকোনো মানবতাবিরোধী অপরাধ থাকলে তা খতিয়ে দেখা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা সরেজমিনে যাব। গণশুনানি করব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আসামিদের অন দ্য স্পট (ঘটনাস্থলে) গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। এরপর অভিযোগগুলো ট্রাইব্যুনালে এনে আনুষ্ঠানিক তদন্ত ও বিচারের ব্যবস্থা নেওয়া হবে।’

দেশজুড়ে এমন বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করার মতো পর্যাপ্ত লজিস্টিক সহায়তা রয়েছে কি না, জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘এই কার্যক্রম সফল করতে সরকারের কাছে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা চাওয়া হবে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু বিচার নিশ্চিতে সরকার আমাদের প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা দিয়ে পাশে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর