শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

‘অলৌকিকভাবে’ ক্রেন দুর্ঘটনা থেকে বাঁচেন কাজল, হন কৃষ্ণভক্ত

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

হঠাৎ করেই বদলে যায় সবকিছু। চারপাশে শুরু হয় চিৎকার, ছোটাছুটি। প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকেন সবাই, দৌড় দেন কাজল আগরওয়ালও। তবে এর মধ্যেই একটি টেবিলে ধাক্কা খেয়ে পড়ে যান অভিনেত্রী। উঠে পেছনে তাকাতেই দেখলেন, প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন তার দিকে ধেয়ে আসছে। চোখের সামনে ক্রেনটি ভেঙে পড়তে দেখে স্তব্ধ হয়ে যান দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী। মনে হয়েছিল, হয়তো আর বাঁচবেন না। অভিনেত্রীর দাবি, শেষ পর্যন্ত অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে যান।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের চেন্নাইয়ে ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং সেটে ঘটে দুর্ঘটনাটি। ক্রেন ভেঙে পড়ে প্রাণ হারান তিনজন। আহত হন আরও কয়েকজন। সম্প্রতি ‘হিউম্যানস অব বোম্বে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন কাজল। তার ভাষায়, মৃত্যুর এত কাছাকাছি গিয়েও কীভাবে বেঁচে ফিরেছেন, তা আজও তাকে ভাবায়।

ঘটনাটি ঘটেছিল চেন্নাইয়ের পুনামাল্লিতে ইভিপি ফিল্ম সিটিতে। পরিচালক শংকরের ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং চলছিল সেখানে। সেদিন সেটে উপস্থিত ছিলেন কাজল ও অভিনেতা কমল হাসান। কাজল জানান, দুর্ঘটনার সময় তারা মনিটরের সামনে বসেছিলেন। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। ওই দৃশ্যের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে তাকে ৮০ বছর বয়সি এক বৃদ্ধার মতো সাজানো হয়েছিল।

সেটে প্রাণ বাঁচাতে কাজলও দৌড় দেন। কিন্তু হঠাৎ একটি টেবিলে ধাক্কা খেয়ে পড়ে যান। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে কাজল বলেন, ‘হয়ত আমিই প্রথম মারা যেতাম।’

এ সময় ঘটে আরও ভয়ংকর ঘটনা। কাজল জানান, দৌড়ানোর একপর্যায়ে হঠাৎ তার মনে হয়, তিনি কী থেকে পালাচ্ছেন, একবার ঘুরে দেখা দরকার। পেছনে তাকাতেই দেখেন, প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন তার দিকে এগিয়ে আসছে।

সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে কাজল বলেন, ‘সবকিছু এক মুহূর্তের মধ্যে ঘটে গেল। আমি ক্রেনটিকে ভেঙে পড়তে দেখলাম। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কী ঘটছে, বুঝতে পারছিলাম না।’

কাজলের মনে হয়েছিল, কেউ যেন তাকে ক্রেনটির পথ থেকে টেনে সরিয়ে নিয়েছে। ক্রেনটি তার একেবারে পাশেই আছড়ে পড়ে। তিনি তখনও ভয়ে কাঁপছিলেন। অভিনেত্রী বলেন, সেই মুহূর্তের কথা মনে পড়লে এখনো তার গায়ে কাঁটা দেয়।

এ দুর্ঘটনা শুধু তার জীবনই রক্ষা করেনি, বদলে দিয়েছিল জীবন সম্পর্কে ভাবনাও। কাজল জানান, দুর্ঘটনার আগে তিনি নিজের কর্মজীবন ও সাফল্য নিয়ে আনন্দে ছিলেন। এর কিছুদিন আগেই সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘরে তার মোমের মূর্তি উন্মোচন করা হয়েছিল। কিন্তু দুর্ঘটনার পর নিজের বেঁচে থাকা নিয়েই প্রশ্ন জাগে তার মনে। তিনি ভাবতে থাকেন, কীভাবে এত বড় বিপদ থেকে রক্ষা পেলেন!

কাজলের ভাষায়, ‘আমি কীভাবে বেঁচে আছি? এটা সম্ভব নয় যে, আমি এভাবে বেঁচে ফিরেছি।’ দুর্ঘটনার পর কয়েক দিন তিনি একই সঙ্গে আতঙ্কিত ও কৃতজ্ঞ ছিলেন। এ অভিজ্ঞতার পর ধর্মের প্রতি তার ভক্তি আরও গভীর হয়। নিজেকে কৃষ্ণভক্ত হিসেবে গড়ে তোলেন তিনি।

এদিকে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশনস, পরিচালক শংকর ও অভিনেতা কমল হাসান। কয়েক মাস পর নিহত তিনজনের প্রত্যেকের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হয়। গুরুতর আহত এক কর্মীকে দেওয়া হয় ৯০ লাখ রুপি। সামান্য আহত ব্যক্তিদের সহায়তায় বরাদ্দ করা হয় আরও ১০ লাখ রুপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর