শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

অভিবাসী ঠেকাতে মেক্সিকোর ওপর শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে অগ্রসর হওয়া অভিবাসীদের মেক্সিকো সরকার থামাতে ব্যর্থ হলে দেশটির ওপর আরোপিত শুল্ক তাৎক্ষণিকভাবে দ্বিগুণ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা প্রায় দেড় হাজার অভিবাসীর একটি দল মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা শুরুর পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প বলেন, এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। মেক্সিকোকে অবিলম্বে তাদের থামানোর আহ্বান জানিয়ে তিনি লেখেন, তা না হলে মেক্সিকোর ওপর শুল্ক সঙ্গে সঙ্গেই দ্বিগুণ করা হবে। এ বিষয়ে মেক্সিকো সরকার, টেক্সাসের গভর্নর, সীমান্তরক্ষী বাহিনী এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থাকে (আইসিই) অবহিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। অভিবাসীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীর দলটি মঙ্গলবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলা থেকে যাত্রা শুরু করে। শহরটি গুয়াতেমালা সীমান্তের কাছাকাছি অবস্থিত। দলটির বেশির ভাগ সদস্য মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর দেশটিতে বসবাস ও কাজের সুযোগ তৈরি হতে পারে- এমন আশায় তারা উত্তর দিকে এগোচ্ছেন।

ট্রাম্পের এ হুমকি এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) বর্তমান কাঠামোয় নবায়ন না করার সিদ্ধান্ত জানান ট্রাম্প। এরপর থেকে চুক্তির ভবিষ্যৎ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অভিবাসন নিয়ন্ত্রণে মেক্সিকোর ওপর চাপ প্রয়োগে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা ট্রাম্পের নতুন কৌশল নয়। এর আগেও সীমান্ত দিয়ে অনিয়মিত অভিবাসন এবং মাদক পাচার ঠেকাতে মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। এবার নতুন করে শুল্ক দ্বিগুণ করার হুঁশিয়ারি দুই দেশের বাণিজ্য আলোচনায় চাপ বাড়াতে পারে।

তবে ট্রাম্পের সর্বশেষ হুমকির বিষয়ে মেক্সিকো সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসন নিয়ন্ত্রণ ট্রাম্পের রাজনৈতিক অঙ্গীকারগুলোর অন্যতম। ২০২৪ সালের নির্বাচনে সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে তিনি পুনর্নির্বাচিত হন। তবে সাম্প্রতিক সময়ে নির্বাসন কার্যক্রম নিয়ে সমালোচনা এবং রাজনৈতিক চাপের মুখে অভিবাসন নীতিতে কিছুটা নমনীয়তার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এমনকি ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কিছু অনিবন্ধিত অভিবাসীকে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর