শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা : প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে বাস্তবে কর্মীদের কাছ থেকে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত খরচের কথা বলা হচ্ছে। নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হলে কর্মীদের ভোগান্তি বাড়বে বলে মনে করছে সরকার। একইসঙ্গে, আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে খরচ থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না।

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ লক্ষ্যে এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সংস্থাটি। সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগে কর্মী পাঠানো শুরু করতে চায় বোয়েসেল।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের আগে সবকিছু চূড়ান্ত করতে চাই। ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। কোনো কারণে এক-দুদিন দেরি হলে সেটি ভিন্ন বিষয়।

বোয়েসেলের এই উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে প্রথম ধাপে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার তাদের চূড়ান্ত নির্বাচন কার্যক্রম শুরু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর বোয়েসেল থেকে অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।

এছাড়া, মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর