শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ভাতিজা অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন রজনীকান্ত

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সিনেমার পর্দায় তার স্টাইল আর অভিনয় বরাবরই দর্শকদের মুগ্ধ করে। তবে এবার পর্দার বাইরে একেবারে পারিবারিক আয়োজনে নেচে আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। গ্রিসে ভাতিজা ও জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের বিয়েতে নিজের সিনেমার গানে নেচেছেন তিনি। সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ১১ নভেম্বর গ্রিসে সান গ্রুপের উত্তরাধিকারী কাব্য মারানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিরুদ্ধ। বিয়ের আয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটান রজনীকান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতি অনিরুদ্ধ ও কাব্যর পাশে দাঁড়িয়ে নাচছেন তিনি।

অনুষ্ঠানে রজনীকান্ত পা মেলান তার অভিনীত ২০২৪ সালের সিনেমা ‘ভেত্তাইয়ান’-এর জনপ্রিয় গান ‘মানাসিলায়ো’-এর তালে। গানটির সুরকার আবার বর অনিরুদ্ধ নিজেই। অর্থাৎ বরের সুর করা গানেই বিয়ের আনন্দে মেতে ওঠেন ৭৫ বছর বয়সি এই অভিনেতা। প্রিয় তারকার এমন প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস নজর কেড়েছে সবার।

পারিবারিক এই আয়োজনে যোগ দিতে স্ত্রী লতা রজনীকান্তকে সঙ্গে নিয়ে গ্রিসে যান সুপারস্টার। সেখানে যাওয়ার আগে মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে তাকে চেন্নাই বিমানবন্দরে দেখা যায়। ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হলেও অতিথির তালিকায় ছিলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন।

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল ১০ নভেম্বর। সেদিন ঐতিহ্যবাহী তামিল বাগদান অনুষ্ঠান ‘নিশ্চয়তার্থম’ অনুষ্ঠিত হয়। পরদিন ১১ নভেম্বর বিয়ে করেন অনিরুদ্ধ ও কাব্য। বিয়ের পর নিজেদের প্রথম ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন অনিরুদ্ধ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনে একবারই আসা, সারা জীবনের জন্য ১১.১১।’

পারিবারিক সম্পর্কের দিক থেকেও রজনীকান্তের কাছে এই বিয়ে ছিল বিশেষ। অনিরুদ্ধ তার স্ত্রী লতা রজনীকান্তের ভাই রবি রাঘবেন্দ্রের ছেলে। সেই সূত্রে তিনি রজনীকান্তের শ্যালকের ছেলে। পারিবারিক সম্পর্কে ভাতিজা হলেও অনিরুদ্ধের সঙ্গে তার ঘনিষ্ঠতা এই আয়োজনকে আরও আনন্দময় করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর